বদরপুর ও.এস দাখিল মাদ্রাসায় উদযাপন হয়নি ঈদ-ই-মিলাদুন্নবী

স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্দেশ মেনে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করলেও বিভিন্ন অযুহাত দেখিয়ে এবং সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার বদরপুর ও.এস দাখিল মাদ্রাসায় পালন করা হয়নি ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)।
শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের উপর আলোচনা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার মতো কর্মসূচি পালনের কথা থাকলেও এসবের কোনো আয়োজনই দেখা যায়নি ওই মাদ্রাসায়।
গত ২৬ আগস্ট বুধবার সকালে সরেজমিনে গিয়ে মাদ্রাসাটিতে তালা ঝুলতে দেখা যায়। সরকারি নিয়ম মেনে যথা সময়ে প্রতিষ্ঠান না খুলে এবং অনুষ্ঠান পালন না করে অনুষ্ঠানের আগের দিন মাদ্রাসার সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনা করে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেয় মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম। তবে সরকারিভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালনের চিঠি ও প্রজ্ঞাপন পেয়েছেন বলে স্বীকার করলেও বিভিন্ন অযুহাত ও মাদ্রাসার পরিস্থিতির কারণ দেখিয়ে তা বন্ধ রাখা হয়েছে বলে জানান মাদ্রাসার সুপার।

সুপারের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ এবং এমন একটি ধর্মীয় অনুষ্ঠান সরকারিভাবে নির্দেশ দেওয়ার পরও পালন না করায় মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।সরকারি নির্দেশনা অমান্য করে দিবসটি উদযাপনে অবহেলা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত করে সুপারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম বলেন, আমি চিঠি ও প্রজ্ঞাপন পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে এবং মাদ্রাসার পরিস্থিতির কারণে শিক্ষকদের সাথে আলোচনা করে মাদ্রাসা ও অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। আমি ঈদ-ই-মিলাদুন্নবী মানি ও সমর্থন করি। শিক্ষকরা ছুটিতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে অনুষ্ঠান বন্ধ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরে স্যারের সাথে কথা বলবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার কাছ থেকেই জানলাম। মাদ্রাসার সুপারকে তলব করা হবে। অভিযোগটি প্রমাণিত হলে তাকে শোকজ করা হবে এবং রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, আমি এই বিষয়টি জানতাম না। আপনার কাছে থেকেই জানলাম। আমি খবর নিয়ে দেখছি। রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।