আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ উদ্বিগ্ন

স্টাফ রিপোর্টার:

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশের জনগণ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত তৃণমূল দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, “গ্রাম থেকে শহর—সব জায়গায় চুরি ও ছিনতাই ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিও সরকারের নিয়ন্ত্রণের বাইরে। চব্বিশের গণঅভ্যুত্থানের জনতার ইচ্ছার প্রতিফলন সরকার ঘটাতে পারেনি।”

তিনি আরও বলেন, চোর-ডাকাতের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত জীবনযাপন করছে। একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহসভাপতি কেএম ইয়াসিন রাশেদসানী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন মাওলানা নাসির উদ্দীন, মুহাম্মদ মোস্তফা, হাফেজ তানজিল পাটওয়ারীসহ সংগঠনের নেতৃবৃন্দ।