মতলব দক্ষিণে ১০ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ একাধিক মামলার দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের কেরামত আলী প্রধানীয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (৪৫) এবং মতলব পৌরসভার চরমুকুন্দী এলাকার মো. ফরিদ সওদাগরের ছেলে মো. সুমন সওদাগর (৩২)। পুলিশ জানায়, জহিরুলের বিরুদ্ধে ১০টি এবং সুমনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের মাঠে অভিযান চালান। সেখান থেকে ইয়াবাসহ জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পৃথক আরেকটি অভিযানে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে চরমুকুন্দী এলাকার সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ সুমন সওদাগরকে গ্রেপ্তার করেন । সুমনের বিরুদ্ধেও ৩টি মাদক মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকায় অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে ।