স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মতলব উত্তর প্রেসক্লাব । বুধবার (১৭ জুন ২০২৬) এক যৌথ বিবৃতিতে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মো. সফিকুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মো. সফিকুল ইসলাম রানা বলেন, “হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে প্রেসক্লাব থেকে তুলে নিয়ে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাচ্ছি।” বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকদের সামাজিক সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ ‘মাতৃমায়া আবাসিক হোটেল’-এ চলমান অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এই হামলার ঘটনা ঘটে। হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে একদল স্থানীয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের ওপর এই বর্বর হামলা ও মারধর চালায়।


