চাঁদপুরে খাল দূষণের দায়ে ৩ অটোরাইস মিলকে জরিমানা

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের পুরান বাজারে পরিবেশ দূষণ ও খাল ভরাট করার অপরাধে ৩টি অটোরাইস মিলকে সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬ খ্রি.) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারা লঙ্ঘন করে পুরান বাজারের ৩টি অটোরাইস মিল পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে আসছিল। এতে খালটি মারাত্মকভাবে দূষিত ও ভরাট হয়ে যাওয়ার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে নিম্নোক্ত জরিমানা ধার্য ও আদায় করা হয়।

মেসার্স ময়নামতি অটো রাইস মিল: ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, মেসার্স বাবা অটো রাইস মিল: ৬০,০০০ (ষাট হাজার) টাকা, মেসার্স আজমিরি অটো রাইস মিল: ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।

জরিমানার পাশাপাশি নাপিতবাড়ি খালে ফেলা দেওয়া ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খালটি সম্পূর্ণ দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন আদালত।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মাসুদ রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একদল সদস্য সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবেশ সুরক্ষায় এবং প্রাকৃতিক জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”