সবার সহযোগিতায় মাদক নির্মূল হবে: পুলিশ সুপার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান বলেছেন, মাদক নির্মূলে পুলিশ একা সফল হতে পারে না। সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব।

শনিবার (২৭ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের জনগণের উদ্যোগে আয়োজিত কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে, তারা পুলিশের খাতায় নাম লেখানোর আগে আপনাদের ভাই, প্রতিবেশী কিংবা সন্তান। তাই সবাইকে এগিয়ে এসে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ প্রশাসন থাকতে এ এলাকায় মাদক, কিশোর গ্যাং কিংবা চাঁদাবাজদের কোনো স্থান হবে না।”

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

১৩ নম্বর হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমেদ গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

বক্তারা বলেন, একসময় হানারচর ইউনিয়নে চুরি-ডাকাতির প্রবণতা ছিল, যা কঠোরভাবে দমন করা হয়েছে। এখন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এক সপ্তাহের মধ্যে এ পথ থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।