প্রায় সাড়ে ৪ হাজার কৃষক পেল বীজ ও সার

স্টাফ রির্পোটার:

মতলব উত্তরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, বৃক্ষচারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, জৈব সার প্রয়োগ এবং উন্নত কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সরকারের প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে কৃষকদের উৎসাহিত করা এবং সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে কৃষি বিভাগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

উপ-সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, খরিপ-২ মৌসুমের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৪৫৫ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, বৃক্ষচারা, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ, সার, বৃক্ষচারা ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক চাপ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে।