চাঁদপুরে সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার পৌরসভার কদমতলা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ-এর কিডনি ডায়ালাইসিস সেন্টারের ২৫তম শাখা পরিদর্শন করেছেন দেশের ও প্রবাসের বিশিষ্ট চিকিৎসক ও উদ্যোক্তারা।

শনিবার (১ আগস্ট) দুপুরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে আগত সেন্টারের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট নেফ্রোলজিস্ট, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭২ ব্যাচের শিক্ষার্থী ডা. খাইরুল আশরাফ ঝিন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডায়ালাইসিস সেন্টারটি পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে কানাডা প্রবাসী সেলিম, বিশিষ্ট ক্রীড়াবিদ মনোয়ার, বিশিষ্ট চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার ও আলম পলাশ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা সেন্টারের কার্যক্রম, চিকিৎসাসেবা এবং রোগীদের জন্য আধুনিক সুবিধা ঘুরে দেখেন। এ সময় তারা সেবার মান বজায় রেখে কিডনি রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।