রেড ক্রিসেন্টের সভায় যুবসমাজকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, রেড ক্রিসেন্টের মাধ্যমে আত্মমানবতার সেবায় সবাইকে কাজ করতে হবে। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ থেকে মাদক, ইভটিজিং ও দুর্নীতি নির্মূলে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রোববার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট কার্যালয়ে যুব রেড ক্রিসেন্টের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে সবার আগে এগিয়ে আসতে হবে। যুবকরাই দেশের প্রাণশক্তি। তাদের নেতৃত্বেই একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে যুবসমাজকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যুব রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার নূরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

সভায় মানবসেবা কার্যক্রম জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।