স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের পুরাণ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা না রাখা, লাইসেন্স ছাড়াই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন ঘি বিক্রির দায়ে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত করায় আলী আকবরকে ১০ হাজার টাকা, নকল বিড়ি বিক্রির দায়ে মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির দায়ে আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে পুরাণ বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


