স্টাফ রির্পোটার:
দেশব্যাপী চলছে পুলিশের মাদক বিরোধী অভিযান। চাঁদপুর পুলিশ সুপারের নেতৃত্বে সবকটি উপজেলাতেই পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় হাইমচর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২ আগস্ট) রাতে হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণ আলগি ইউনিয়নের চরভাঙ্গা এলাকার আরবি হোসেন আলবী নামে ওই মাদক কারবারিকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে ৫৭ জন মাদক কারবারিকে আটক করেছেন হাইমচর থানা পুলিশ। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দেয়া হয়। সে সঙ্গে ইয়াবা ৩৮৫ পিস ও গাঁজা ২ কেজি ২শ গ্রাম জব্দ করা হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান, হাইমচর উপজেলায় কেউ যাতে মাদক ব্যবসা কিংবা মাদক সেবন করতে না পারে সেজন্য চাঁদপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আমরা সবসময় অভিযান অব্যাহত রেখেছি। মাদকের বিরুদ্ধে আমরা শতভাগ কাজ করে যাচ্ছি। আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।


