পাল বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের পাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে মূল্যতালিকা না রাখা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করার অপরাধে ঘোষের দোকানকে ৫ হাজার টাকা, মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মেসার্স সাঈদ স্টোরকে ৩ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজি শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এ সময় অভিযানের অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।