মেহের দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি

স্টাফ রিপোর্টার:

শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ইউনিয়নের ভোলদিঘী বাজারে এই মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

সমাবেশ ও র‌্যালিতে আনুমানিক পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ভোলদীঘি বাজারের বিভিন্ন সড়কে র‌্যালি প্রদক্ষিণ করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন সে কারণেই আমাদের মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়েছে।