ফরিদগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা জুয়েল ও ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন: গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েল চাঁদপুর গ্রামের খান বাড়ির মৃত লোকমানের ছেলে এবং ছাত্রলীগ নেতা মোঃ নুরুজ্জামান সোহাগ একই ইউনিয়ন পশ্চিম চাঁদপুর ভূঁইয়া বাড়ির মোঃ নূরুল আমিন ভুইয়ার ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

একই দিনে ফরিদগঞ্জ বাজার এলাকার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে ছাত্রলীগ নেতা মোঃ নুরুজ্জামান সোহাগকে (২৭) আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ইউপি সদস্য আহাদ খান জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, ছাত্রলীগ নেতা মোঃ নুরুজ্জামান সোহাগকে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ সংগঠনের অন্তর্ভুক্ত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।