বাগানবাড়িতে মানববন্ধন

​সুমন আহমেদ :

 

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমির সদ্য অনুমোদিত এডহক কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ জানিয়ে প্রতিবাদী মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে সমবেত হয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

১৪ মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আগামী ৬ মাসের জন্য মো. মনিরুল ইসলামকে সভাপতি করে এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।

মানববন্ধনে উপস্থিত হয়ে আনোয়ার হোসন বলেন, স্থানীয় বাসিন্দা ও সাধারণ অভিভাবকদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে এই ‘পকেট কমিটি’ চাপিয়ে দেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

মো. আলাউদ্দিন বলেন, বিদ্যালয় এর কেসমেন্ট এরিয়ার বাইরে থেকে একজন অপরিচিত লোককে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। যা নিয়ম বহির্ভূত। আমরা এই কমিটি দ্রুত বাতিল চাই।

বাগানবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন থেকে অবিলম্বে এই নিয়মবহির্ভূত কমিটি বাতিল করে প্রশাসনের প্রতি একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জোর দাবি জানানো হয়। অন্যথায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম রক্ষার্থে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।  এ সময় নিজামুদ্দিন বাবু, মিঠু, ছাত্রনেতা নূরে আলম নিলয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।