স্টাফ রিপোর্টার, শাহরাস্তি, চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের বাসিন্দা কৃষক মোঃ ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর হতে একসাথে ৬টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ৬টি গরু হারিয়ে তিনি এখন পাগলপ্রায়, তাঁর আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
জানাযায় ২২ মে(বুধবার) রাত আনুমানিক ৩ টা থেকে ৪ ঘটিকার মধ্যের কোন এক সময় চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের ঠাকুর বাড়ির বাসিন্দা কৃষক মোঃ ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর হতে উক্ত ৬টি গরু একসাথে চুরি হয়ে যায়। চুরি যাওয়া ৬টি গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা হতে পারে বলে খামারি মোঃ ছিদ্দিকুর রহমান জানিয়েছেন। চুরি যাওয়া গরুগুলোর ২টি তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর হাটে বিক্রির জন্য লালন-পালন করছিলেন, ২টি গাভী আগামী ১ মাসের মধ্যে বাছুর দেয়ার সম্ভাবনা ছিল এবং অপর ৩টি ষাঁড় গরু হিসাবে লালন পালন করছিলেন তিনি। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার এমন কোন আর্থিক সমর্থ নেই যা দিয়ে আমি পুনরায় গরুর খামারটি শুরু করতে পারবো। আমি আমার হারানো গরুগুলো পুনরুদ্ধারে শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সদয় দৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য, মোঃ ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি যাওয়ার ঘটনাটি চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অব:)রফিকুল ইসলাম বীর উত্তম অবহিত হয়ে তিনি সাথে সাথে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এবিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে মোবাইলে কথা বলে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে শাহরাস্তি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থা চুরি যাওয়া ৬টি গরু উদ্ধারে মাঠে কাজ করছে।


