ফরিদগঞ্জে ৬ জুয়াড়ি আটক

ফারাবী খান :

ফরিদগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উটতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।
​
আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৫২), ইব্রাহিম খলিল (৫০), হেলাল উদ্দিন (৫০), কামাল হোসেন (৩৭), মাসুদ মুন্সি (৫০) এবং আলমগীর হোসেন (৪০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

​পুলিশ জানায়, উটতলী এলাকায় জুয়ার আসর বসার একটি গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই হুমায়ূন কবির ও এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে ঝটিকা অভিযান চালান। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

​ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।