স্টাফ রির্পেোটার:
চাঁদপুর সদর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ (নতুন ব্যবসা উদ্যোগ), বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জাতীয় পর্যায়ে পৌঁছাতে সক্ষম উদ্ভাবনী উদ্যোগগুলোকে সরকার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। নতুন চিন্তা ও উদ্ভাবনী পরিকল্পনাকে মূল্যায়নের মাধ্যমে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আমাদের একজন পরীক্ষিত শিক্ষামন্ত্রী রয়েছেন, যিনি কচুয়ার সন্তান। তাঁর উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন উপজেলায় একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় পর্যায়ে যারা নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরতে পারবে, সরকার তাদের পাশে থাকবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহায়তা করবে।”
তিনি বলেন, “উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও উদ্ভাবনী চিন্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যেন তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। আজ যারা পুরস্কার পেয়েছে এবং যারা পায়নি, সবাইকে বলব—তোমাদের উদ্ভাবনী চিন্তা থেকে কখনো পিছিয়ে যেও না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশ নেওয়া সবগুলো স্টল পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন।
প্রদর্শনীতে চাঁদপুর সদর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা এবং উদ্ভাবনী সক্ষমতার পরিচয় তুলে ধরে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।
শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন ভবিষ্যতের উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


