মতলব উত্তরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মতলব প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। জাতীয় পর্যায়ে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা কমপ্লেক্স চত্বরে নিম, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন ইউএনও মাহমুদা কুলসুম মনি। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, উপজেলা বন বিভাগের প্রতিনিধি হাবিব ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ, পৌর যুবদল নেতা টিপু সুলতান ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার কামাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তর উপজেলায় পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং জনসাধারণের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।