স্টাফ রিপোর্টার:
শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ক সাময়িকী বিশ্ববিদ্যালয় পরিক্রমা চাঁদপুর জেলার দুই শতাধিক কৃতি এইচএসসি-২০২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে। একইসঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক মূল্যবোধ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক ও বি.পরিক্রমানিউজ বিডি ডটকমের প্রকাশক-সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তোমরা শুধু সংবর্ধনা গ্রহণের জন্য এখানে আসোনি, বরং নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা এবং নতুন কিছু শেখার মানসিকতা নিয়েই এসেছো। শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই, জ্ঞানেরও কোনো সীমাবদ্ধতা নেই। জীবনের প্রতিটি পর্যায়ে নতুন কিছু শেখার সুযোগ থাকে এবং সেই শিক্ষাই মানুষকে এগিয়ে নেয়।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি উদ্বেগজনক হারে বাড়ছে। এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, “আজ তোমরা যে জিপিএ অর্জন করেছো, তা শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়। এর পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের নিরলস পরিশ্রম, পরিবারের সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া। এই অর্জনের মর্যাদা রক্ষা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান।
বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষা-সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ এবং নদী ও জলজসম্পদ রক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, অনলাইনে প্রাপ্ত বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনার জন্য মনোনীত করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননার স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
তারা আরও জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান এবং একটি সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


