ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক জাহিদ নির্বাচিত

স্টাফ রির্পেোটার:

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দিনব্যাপী এ আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

দিনের প্রথম অংশে ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান সভাপতিত্ব করেন। সভায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং অর্থ সম্পাদক আক্তার হোসেন বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিকেল আড়াইটার দিকে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। মোট ৪০ জন ভোটারের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে দৈনিক যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রাবীর চক্রবর্তী ৯ ভোট এবং দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল ৩১ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান সুজন ৬ ভোট, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মো. ইকবাল হোসেন ১১ ভোট, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি শাকিল মুশফিক ৩ ভোট, আয়না টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন সৈকত ৪ ভোট এবং চ্যানেল ওয়ান-এর চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। একটি ভোট সিল না থাকায় বাতিল করা হয়।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন শনিবার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হবে। এই পরিষদের মেয়াদ থাকবে দুই বছর।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আমরা সবাই ভাই ভাই। বিপদে-আপদে একে অপরের পাশে থাকব। যেকোনো সংকট মোকাবেলায় সবাই একসঙ্গে কাজ করব। যারা পরাজিত হয়েছেন, তারাও আমাদের সঙ্গে থেকে প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখবেন।