স্টাফ রিপোর্টার:
সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত পরিচালক, চট্টগ্রাম বিভাগ) মোঃ জাহিদ হোসেন মোল্লা । তিনি বলেন, “সবাই মিলে কাজ করলে সমাজে মাদকাসক্তের সংখ্যা শূন্যের কোঠায় চলে আসবে। আগামী প্রজন্ম যেন এই মরণনেশা থেকে মুক্ত থাকে, সেজন্য আমাদের সচেতনতা ও বিবেককে জাগ্রত করতে হবে।
গতকাল শনিবার বিকেলে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “সবার আগে দেশ। দেশ এগিয়ে নিতে হলে আমাদের সবার মধ্যে দেশপ্রেম থাকতে হবে এবং একযোগে মাদককে ‘না’ বলতে হবে। বর্তমানে রাষ্ট্রের বহু সংস্থা ও বাহিনী মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবুও মাদকের লাগাম পুরোপুরি টানা যাচ্ছে না। এই পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন।
উক্ত মতবিনিময় সভায় চাঁদপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সধারী ব্যবসায়ীসহ স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।


