স্টাফ রির্পোটার:
যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ৬৪,৪৭৮ জন দর্শকের উপস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ে কার্লো আনচেলত্তির দল ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। মাত্র ৭ মিনিটের মাথায় স্কটিশ ডিফেন্ডার স্কটম্যাক কেনা বল ক্লিয়ার করতে দেরি করার সুযোগে তরুণ ফরোয়ার্ড রায়ান বল কেড়ে নেন এবং পাস দেন অরক্ষিত ভিনিসিয়াসের দিকে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিট) ব্রুনো গুইমারেসের চমৎকার ক্রস থেকে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আধিপত্য বজায় ছিল। ৬০ মিনিটে গুইমারেসের রক্ষণভেদী পাস থেকে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কুনিয়া। তবে ম্যাচের অন্যতম বড় আকর্ষণ ছিল ৭৫তম মিনিটে ইনজুরি কাটিয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন তিনি। স্কটল্যান্ড পুরো ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগের সামনে কোনো জোরালো প্রতিরোধ গড়তে পারেনি, ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।


