ফ্রিজ কাপ ফুটবলে বিএম ট্যুরস চ্যাম্পিয়ন

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে একুশে সংসদ কর্তৃক আয়োজিত ‘ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের এই জমজমাট ফাইনালে বাবুরহাট সামাজিক সংগঠনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

ফাইনাল খেলাটি দেখতে বাবুরহাট ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ের তীব্র লড়াই শেষে মাঠের দুর্দান্ত নৈপুণ্যে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে বিএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন হাওলাদার এবং সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন খান বাবুল। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠন একুশে সংসদের নেতৃবৃন্দ খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।