স্টাফ রির্পোটার:
মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কলাকান্দা হানিরপাড় গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত চার থেকে পাঁচ দিন আগের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলাবাগানের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয় লোকজন খোঁজ নিতে যান। এ সময় তারা সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মতলব উত্তর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তবে মৃত নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
ঘটনার গুরুত্ব বিবেচনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং চাঁদপুর পিবিআইয়ের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পিবিআই সদস্যরা মরদেহ উদ্ধারের স্থান, আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং কিছু অংশ প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


