স্টাফ রির্পোটার:
“মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ সেখানে” এবং “এসো সবাই শপথ করি, মাদকমুক্ত হাইমচর গড়ি”— এই প্রত্যয়কে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী নাগরিক সভা। ‘বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম’-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হাইমচর উপজেলা চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান বলেন, “মাদকই সকল অপরাধের মূল উৎস। মাদকের টাকা জোগাড় করতে মানুষ চুরি, ছিনতাই, হত্যা ও নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাই সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।”
তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করে চাঁদপুর জেলা থেকে মাদক নির্মূল করা হবে।” এ সময় তিনি জেলা পুলিশের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে জানান, গত ১ এপ্রিল থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত জেলায় ৪৬০টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ৫৭৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, ৩টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ ও ১ বোতল বিদেশি মদ।
পুলিশ সুপার আরও বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের চিরুনি অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।” অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের মানসিক পরিবর্তনের জন্য তাবলীগ জামাতে সম্পৃক্ত করার পরামর্শও দেন।
সাংবাদিক শিমুল অধিকারী সুমনের সঞ্চালনায় এবং মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের প্রধান সমন্বয়কারী ও মূল উদ্যোক্তা মোহাম্মদ ফারুকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, হাইমচর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জসীম উদ্দীন, ইসলামী আন্দোলনের সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন হাওলাদার।
এছাড়া গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফারুকুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগ নয়, মাদক প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতাও অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই হাত তুলে হাইমচরকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার শপথ গ্রহণ করেন।


