আল-আমিন একাডেমিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন স্কুলের সেক্রেটারি, আল-আমিন কলেজের গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার আগ পর্যন্ত মোবাইল ফোন বাবা-মায়ের কাছে জমা রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে। খারাপ সঙ্গ, মাদকাসক্ত ও ধূমপায়ী বন্ধুদের থেকে দূরে থাকার পাশাপাশি সৎ সঙ্গ গ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি অনুগত থাকা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আল-আমিন’ নামটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপাধি থেকে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের তাঁর আদর্শ অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে। এমন স্বপ্ন দেখতে হবে, যা লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে সহায়তা করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জিএম রাসেল। হামদ পরিবেশন করেন আব্দুল্লাহ সোহেল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাইফুল্লাহ ভূঁইয়া। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান ও মিরাজ হোসেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, বিএমটি শাখার প্রভাষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. মোস্তফা এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আলী।

অনুষ্ঠান শেষে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।