ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নিহাদ ইসলাম (২৪)-কে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে থানার এফআইআর নং-৪২ ও জিআর নং-১৮৭ (তারিখ: ২৭ জুন ২০২৬)-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি নিহাদ ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিহাদ ইসলাম শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক (পশ্চিম পাটোয়ারী বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লুতু মিয়া।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৪২ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।