স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেট মালিক।
শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে নুরুজ্জামান পাটোয়ারীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, তাঁর মুদি দোকানে ফ্রিজসহ বিপুল পরিমাণ মালামাল ছিল। এছাড়া পাশের একটি দোকানে পেট্রোল ও অকটেন সংরক্ষিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। কিছুই বের করতে পারিনি, সব পুড়ে গেছে।”
মার্কেটের মালিক নুরুজ্জামান পাটোয়ারী জানান, আগুনে তাঁর মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বেপারী, মনির হোসেন ও রাজিব জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “সকালে চাঁদপুর যাওয়ার পথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি জেনেছি। আগুনের কারণ নির্ণয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।”


