পাইকপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে যাওয়া ও ভেঙে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর ব্রিজ থেকে কড়ৈতলী গাজী (বট্টাস) বাড়ি পর্যন্ত সড়কটি সম্প্রতি সংস্কার করা হয়। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে নির্মাণত্রুটি দৃশ্যমান হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, সাহাপুর ব্রিজ থেকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি সংলগ্ন পালের বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইট সরে গেছে এবং কোথাও কোথাও ইট উঠে পড়েছে। এছাড়া সড়ক সমান না করেই ইটের পিচিং করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সড়কের দুই পাশও যথাযথভাবে সংস্কার করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ইলিয়াস পাটওয়ারী, বাবুল ভূঁইয়া ও বিল্লাল ভূঁইয়া জানান, সংস্কারের মাত্র এক সপ্তাহের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থা হয়েছে। কয়েকটি স্থানে ইট খুলে পড়েছে, আবার কোথাও কোথাও ইট উঠে গেছে। তাঁদের অভিযোগ, নিম্নমানের কাজ করায় সড়কটি অল্পদিনের মধ্যেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ঠিকাদার ফারুক মিয়াজী বলেন, “রাস্তার জন্য প্রায় দেড় লাখ টাকার বরাদ্দ ছিল। সড়কটির অবস্থা খুবই খারাপ ছিল এবং ওই অংশ দিয়ে বাড়ির পানি নামত। যেখানে প্রয়োজন সেখানে বালু ও মাটি দিয়ে কাজ করেছি। এরপরও শ্রমিক দিয়ে সড়কটি ঠিক রাখার কথা বলা হয়েছে। পরে সড়কটি শক্ত হয়ে গেলে আর সমস্যা থাকবে না।”

স্থানীয়দের দাবি, সড়ক সংস্কারকাজের মান যাচাই করে অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং এলাকাবাসী টেকসই সড়ক সুবিধা পায়।