র‍্যাবের অভিযানে ২ টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেতেলতলী-নারায়ণদি এলাকার একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

র‍্যাব-১১, সিপিসি-২ নারায়ণগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মতলব উত্তর থানার বেতেলতলী-নারায়ণদি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ২ টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দমন এবং সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।