সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শুক্কুর মিয়াজী

স্টাফ রির্পেোটার:

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক জনতা বাজার থেকে বটতলা পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাঁচা এ সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় কাদার, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, জনতা বাজার থেকে গুলিসা পর্যন্ত এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এ পথ দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ হাট-বাজারে যাতায়াত করেন। পাশাপাশি বালিয়া ও ফরক্কাবাদ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই সড়ক ব্যবহার করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী।

এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটিতে বালি ফেলে সংস্কার কাজের উদ্যোগ নেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও কুয়েত প্রবাসী মোহাম্মদ শুক্কুর মিয়াজী।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাদের যাতায়াত অনেকটাই সহজ হবে। তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।