পাইকপাড়া গোবিন্দ বিদ্যালয়ে নবাগত এডহক কমিটিকে বরণ

স্টাফ রিপোর্টার:

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

রবিবার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন মানিকসহ এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এবং শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারভেজ, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. এরশাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সলিম উল্লাহ, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর বিএসসি, অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ।

পরিচিতি সভায় বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগে বিদ্যালয়কে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।