স্টাফ রির্পোটার:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ২০২৫ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা অ্যান্ড একাডেমির ছয় শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মো. সাফওয়ান বিন রহমান। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে রাফি আহমেদ, মুহাম্মদ রেদোয়ান উল্লাহ, উম্মে তাসমিয়া আদিবা, মারশাদ হোসেন মীর এবং মো. হাসিব।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। সংশ্লিষ্টরা এ অর্জনকে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতার সম্মিলিত সফলতা হিসেবে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, “এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই নয়, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
২০১০ সালে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা অ্যান্ড একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সুনাম অর্জন করে আসছে। উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান, কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, মাঠ ডিসপ্লে এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এছাড়া প্রতিষ্ঠানটির বিতর্ক দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসা অ্যান্ড একাডেমি শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে আরও মেধাবী ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তুলবে।


