স্টাফ রিপোর্টার:
“ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।”— এমন মন্তব্য করেছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের চেতনা গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও অমিত রায়। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং সবুজায়নের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিশুদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ বাড়ছে। এ পরিস্থিতিতে ব্যাপক বৃক্ষরোপণ সময়ের দাবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাদেক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
৮ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী দাস এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিটি চারার যথাযথ পরিচর্যার অঙ্গীকার করে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ হয়ে উঠবে এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে।


