চেংঙ্গারচর পৌরসভার ৩১ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার:

মতলব উত্তর উপজেলার চেংঙ্গারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিধন এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেংঙ্গারচর পৌরসভার প্রশাসক ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় তিনি জানান, নতুন অর্থবছরে পৌরসভার মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকা। এর মধ্যে গৃহকর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ফি, নকশা ও সংশ্লিষ্ট ফি, হাট-বাজার ইজারা এবং অন্যান্য সেবা থেকে ৬ কোটি ১ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা এবং পানি শাখা থেকে ২৩ লাখ টাকা আয় ধরা হয়েছে। ফলে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা।

রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে বেতন-ভাতা, অফিস পরিচালনা, জরুরি মেরামত, আপ্যায়ন, জ্বালানি, যানবাহন রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে ৩ কোটি ৬৩ লাখ টাকা এবং পানি শাখায় ২৩ লাখ টাকাসহ মোট ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ২৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা উন্নয়ন সহায়তা পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৩০ লাখ টাকা।

বাজেট ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, “জনবান্ধব সেবা নিশ্চিত ও পরিকল্পিত উন্নয়নে কাজ করবে পৌরসভা।” তিনি জানান, পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে পুরোনো পানির লাইন সংস্কার এবং প্রয়োজনীয় এলাকায় নতুন লাইন সম্প্রসারণ করা হবে।

তিনি আরও বলেন, পৌর এলাকার ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত মশক নিধন কার্যক্রম, ছেংগারচর বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছেংগারচর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহা সুফিয়ান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।