জুলাই শহীদদের স্মরণে চাঁদপুরে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই স্মৃতিসৌধ ও শহীদ মিনার’-এ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনভর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই আন্দোলনের চাঁদপুর জেলা সমন্বয়ক এবং সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে চাঁদপুরের ছাত্র-জনতার সাহসী ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “জুলাইয়ের বীর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে আমাদের টেকসই স্বাধীনতার পথ দেখিয়ে গেছেন। তাঁদের এই আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোনো অপশক্তি যেন এই অর্জনকে নসাৎ করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনে দেশজুড়ে শাহাদাতবরণকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।