সেমিকন্ডাক্টর সামিটে ড্যাফোডিল প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

ঢাকার আগারগাঁওয়ের ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট ২০২৬-এ ড্যাফোডিল কম্পিউটারসের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী ড্যাফোডিল গ্রুপের প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে ‘ডিসিএল হাই-টেক’-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন। তিনি ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে আরও শক্তভাবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি), আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট সচিবরা।

প্যাভিলিয়ন পরিদর্শনকালে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এ সময় ড. সবুর খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সমাধান সম্পর্কে তুলে ধরেন এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে এসব উদ্ভাবন কাজে লাগানোর প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এছাড়া ড. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান, যা প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে গ্রহণ করেন। একই সঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাবও আলোচনায় উঠে আসে।

সম্মেলনে ড্যাফোডিল গ্রুপের পক্ষ থেকে ডিসিএল হাই-টেকের আধুনিক ইলেকট্রনিক্স উৎপাদন ব্যবস্থা, ড্যাফোডিল রোবোটিক্সের এআই ও রোবোটিক্সভিত্তিক উদ্ভাবন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম এবং ড্যাফোডিল সফটওয়্যারের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সমাধান প্রদর্শন করা হয়।

আয়োজকদের মতে, এ সম্মেলনের মাধ্যমে নীতিনির্ধারক, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।