চাঁদপুরে কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম ভ্রাম্যমাণ হকারদের দখলে ॥ চরম ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের ব্যস্ততম কোর্ট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্ম এখন ভ্রাম্যমাণ হকারদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মের প্রবেশপথ ও সামনের অংশজুড়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পণ্যের দোকান বসায় যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় স্টেশনের বুকিং সহকারীদের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুরানবাজার এলাকার সোহাগ ও জেটিসি কলোনির শাহাবুদ্দিনের নেতৃত্বে প্ল্যাটফর্মের সামনের অংশে বড় আকারে ফলের পসরা বসানো হয়। যাত্রীদের স্টেশনে ওঠানামার প্রধান পথ দখল করে এসব ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বিকেলের দিকে আরও ৮ থেকে ১০ জন ভ্রাম্যমাণ হকার এসে প্ল্যাটফর্মের সামনের অংশ দখল করে বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। তাদের মধ্যে জসীমের নেতৃত্বে সিদ্ধ ডিম, লোকেশের পুরাতন কাপড়, ঝাল বুট, চিংড়ি বড়া, গেঞ্জি, ইলেকট্রিক সামগ্রীসহ নানা ধরনের পণ্য বিক্রি করা হয়। এতে প্ল্যাটফর্মে যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং ট্রেনে ওঠানামার সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, প্ল্যাটফর্ম ও প্রবেশপথে অবাধে হকারদের ব্যবসা পরিচালনার কারণে যাত্রীদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের বেশি ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে সাধারণ যাত্রীরা দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে থানা পুলিশের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্ল্যাটফর্ম ও প্রবেশপথ হকারমুক্ত করা হলে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।