স্টাফ রির্পোটার:
চাঁদপুরের একসময়ের প্রতিভাবান সাংবাদিক, লেখক ও নাট্যাভিনেতা অজিত কুমার মুকুলের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ, ১ আগস্ট। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
প্রয়াত অজিত কুমার মুকুল ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সর্বকনিষ্ঠ সদস্যদের একজন। তিনি শুধু সাংবাদিকতাতেই নয়, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন তিনি।
সাংবাদিকতায় তিনি জাতীয় দৈনিক সংবাদ-এর চাঁদপুরের নিজস্ব সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাপ্তাহিক রূপসী চাঁদপুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কুমিল্লা ল’ কলেজে অধ্যয়নরত ছিলেন।
১৯৯১ সালের ১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে কর্মস্থল ইস্টার্ন লাইব্রেরিতে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিকতা, সাহিত্য ও নাট্যচর্চায় তাঁর অবদান আজও চাঁদপুরের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।


