চাঁদপুর সরকারি হাসপাতালের কর্মচারী কোয়ার্টার থেকে চোর আটক

স্টাফ রির্পোটার:

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের কর্মচারী কোয়ার্টার এলাকা থেকে এক চোরকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় হাসপাতালের কর্মচারী কোয়ার্টার ও আনসার ক্যাম্পের নিচতলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, লাকসাম উপজেলার ইছাপুরা গ্রামের আব্দুল্যাহর ছেলে জোবায়ের হোসেন এমরান (২৮) হাসপাতালের কর্মচারী ফারুক আহমেদের মোটরসাইকেলটি, যা কোলাপসিবল গেটের কাছে রাখা ছিল, সেটি নিয়ে টানাহেঁচড়া করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে নজরদারিতে রাখেন এবং একপর্যায়ে হাতেনাতে আটক করেন।

পরে বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নায়েক সফিকুল ইসলামকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেন এবং চাঁদপুর মডেল থানায় নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটক জোবায়ের হোসেন এমরানের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় পূর্ব থেকেই একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।