সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মতলব উত্তরে দোয়া

স্টাফ রির্পোটার:

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলায় অর্ধ শতাধিক এতিমদের নিয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদ আসর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমাতুজ যাহারায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আর্কাইভসের তালিকাভুক্ত গভেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার।

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মতলব উত্তর উপজেলা অফিস প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, জনপ্রতিনিধি নাছির উদ্দিন মুন্সি, ইসমাইল হোসেন প্রমুখ।

মরহুম ইকরাম চৌধুরীর মিলাদ, দোয়া ও স্মরণ সভায় মিলাদ পরিচালনা করেন ফরাজীকান্দি ফাতেমা তুজ জাহরা মসজিদের খতিব ও নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া সিকদার এবং দোয়া পরিচালনা করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আর্কাইভ এর তালিকাভুক্ত গবেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার বলেন, ইকরাম চৌধুরীর মাধ্যমে চাঁদপুরে অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে এর মধ্যদিয়ে ইকরাম চৌধুরীও বেঁচে থাকবে। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে হবে। তাহলেই দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন নানান গুণের অধিকারী। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন ধৈর্যশীল এবং একজন ত্যাগী মানুষ। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উনি অনেক সময়ই বৃহত্তর স্বার্থে নিজে ত্যাগ স্বীকার করেছেন। এর মধ্য দিয়েই তিনি সকলের ঐক্যটাকে ধরে রেখেছিলেন।

এসময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, মরহুম ইকরাম চৌধুরী ছিলেন একজন ধৈর্যশীল ও নিরঅহংকারী মানুষ। তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার বড় সফলতা ছিলো তিনি চাঁদপুরের অনেক সাংবাদিক সৃষ্টি করেছেন। যাঁরা বর্তমানে চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সুনামের সাথে সাংবাদিকতা করছেন। তিনি চাঁদপুর দর্পণ পত্রিকাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে ইকরাম চৌধুরী টিকে থাকবে।