স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী নির্বাচনের তালিকা প্রকাশের পর তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তালিকার ৮ নম্বরে থাকা শাকিল গাজী সম্প্রতি শাহমাহমুদপুরে প্রবাসী শাহজাহান পাটওয়ারী হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। অথচ তাকে একই সরকারি কর্মসূচির ‘চূড়ান্ত নির্বাচিত’ তথ্য সংগ্রহকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তালিকায় শাকিল গাজীর পিতার নাম আলফু গাজী, গ্রাম লোধেরগাঁও এবং তার নামের পাশে ‘চূড়ান্ত নির্বাচিত’ উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট মামলার তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহমাহমুদপুরে প্রবাসী শাহজাহান পাটওয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শাকিল গাজীকে প্রধান আসামি করা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে—একজন ব্যক্তি কারাগারে থাকা অবস্থায় কীভাবে সরকারি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী হিসেবে চূড়ান্ত তালিকায় স্থান পেলেন?
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারীদের মাঠপর্যায়ে গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা, আয়-ব্যয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। ফলে এ দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীর পরিচয়, ঠিকানা, যোগ্যতা এবং বর্তমান আইনগত অবস্থান যাচাই করা হয়েছে কি না—সেটিই এখন বড় প্রশ্ন।
যদি শাকিল গাজীর বিরুদ্ধে হত্যা মামলা এবং তার কারাগারে থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানা থাকে, তাহলে তাকে কেন ‘চূড়ান্ত নির্বাচিত’ তালিকায় রাখা হলো? আর যদি বিষয়টি জানা না থাকে, তাহলে তথ্য সংগ্রহকারী নির্বাচনের যাচাই-বাছাই প্রক্রিয়া কতটা কার্যকর ছিল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও শাকিল গাজী স্থানীয়ভাবে আলোচিত। তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ নির্বাচন কমিটির সভাপতি এসএমএন জামিউল হিকমা বলেন, “ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছে। আমরা তাকে বাদ দিয়ে দেব। অপেক্ষমাণ তালিকা থেকে নেব।”
কর্তৃপক্ষের এমন বক্তব্যের পর এখন প্রশ্ন উঠেছে—চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রার্থীদের আইনগত অবস্থান যাচাই করা হয়েছিল কি না এবং যাচাই-বাছাইয়ে এমন অসঙ্গতি কীভাবে ঘটল?
স্থানীয়দের মতে, বিষয়টি শুধু একজন ব্যক্তির নাম তালিকায় থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সরকারি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য সংগ্রহকারী নির্বাচন, যাচাই-বাছাই ও স্বচ্ছতার বিষয়টিও জড়িত।


