মতলবে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

মতলব দক্ষিণে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় গত ১৬ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মাছুয়াখাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক কারবারি বোরহান উদ্দিনকে (৪৮) নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এদিকে এসআই ইমতিয়াজ কবির ফোর্স নিয়ে মতলব পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে কলাদী মহল্লার তাজুল ইসলাম তালুকদারের ছেলে জিহাদ তালুকদার হৃদয়কে (২৬) ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক বিরোধী অন্য একটি অভিযানে উপজেলার সারপাড় গ্রামের ইদ্রিস মিয়ার (ছিডু) ছেলে মো. রফিককে (৩৫) নারায়ণপুর বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

একইদিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে নারায়ণপুর এলাকার আব্দুল আলীর ছেলে আয়নাল হক মিয়াজীকে (২৫) এক পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে এক মাসের সাজা ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, পৃথকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সনীতি অনুসরন করা হচ্ছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।