চাঁদপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়িতে কোহিনুর হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো: নাজমা আক্তার নয়ন ও মোঃ রফিক। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।

হত্যা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ আগস্ট রাত ৮টায় কোহিনুর বেগম আসামিদের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে তারা তাকে ধারালো বঁটি দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যা করে। এই ঘটনায় পরদিন ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে কোহিনুর বেগমের ভাই আবদুল মালেক মোহন। মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রঞ্জিত রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের এ রায়ে কোহিনুরের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন। আসামি পক্ষে ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম ।