স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুর জেলায় এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ হাজার ৭শ’ ৭৬ জন পরীক্ষার্থী। গতকাল রোববার (৩০ জুন) প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিল ২’শ ১২ জন শিক্ষার্থী। এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে প্রথম দিনে মতলব দক্ষিণ উপজেলায় দুইজন ও শাহরাস্তি উপজেলায় ১ জনসহ ৩জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নারায়ণপুর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। অপরদিকে শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্রে সাধারণ বিভাগের ছাত্র মো. জাবের হোসেন সাব্বিরকে পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়। এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) বিশাল দাস।
প্রাপ্ত তথ্যে জানা যায়, এ বছর জেলায় সর্বমোট এইচএসসি ও সমমান পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৭’শ ৭৬জন। জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ টি কেন্দ্রে ২ হাজার ৫শ’ ৭৯জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন বাদে সকলে পরীক্ষার অংশগ্রহণ করে। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় একটি কেন্দ্রে ১১৬জন পরীক্ষার্থীর সকলে পরীক্ষা অংশগ্রহণ করে। এবং এইচএসসি (বিএম) পরীক্ষায় ৭ টি কেন্দ্রে ৮৭৭জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন বাদে সকলে পরীক্ষা অংশগ্রহণ করে। এ বছর জেলার ৮ উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র ৩৪টি এবং পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৫ হাজার ২০৪জন। যার মধ্যে ১৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


