গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার

“গণিতকে ভয় নয়, আনন্দের সাথে জয় করি”—এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড-২০২৬। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাটের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৯টি এবং মতলব দক্ষিণ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়।

চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের পাঁচ সদস্য হলেন—মাহের জাবিন অমিয়া, জোবায়ের ইসলাম রাকাত, অবনিশ জাগরী, মো. জাবেদ ওমর আবির এবং ফারিস আল হাসান।

রানার্সআপ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলের সদস্যরা হলেন—মো. আবদুল মোহাইমিন, মারুফ হাছান ও জিহাদ গাজী।

তৃতীয় স্থান অর্জন করেছে ছায়েরা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন। বিদ্যালয়টির দলের সদস্যরা হলেন—মনিকা রানী, উম্মে হাবিবা জাহান তুবা, আবদুর রহমান, আবদুল আহাদ ও আয়েশা আক্তার রিয়া। চতুর্থ হয়েছে খ্রিস্টীয়ান মিশন স্কুল এবং পঞ্চম স্থান অর্জন করেছে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় আরও অংশ নেয় পূর্ব ডাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট কবি নজরুল একাডেমি, ইকরা মডেল একাডেমি, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব দক্ষিণ এবং ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুল, চাঁদপুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাটের উপাধ্যক্ষ ফয়সাল ফরায়েজি, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহাবুবুল হোসাইন এবং সহকারী কর্পোরেট অফিসার ইকবাল হোসেন।

প্রথমবারের এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।