স্টাফ রিপোর্টার
চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারকদের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শামছুল আলম মন্টু। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল। এসময় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ হারুনুর রশীদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ উল্লেখিত তিনটি আদালতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলে আসছে। একই সঙ্গে আইনজীবীদের সঙ্গে প্রায়ই অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, আদালতে এমন পরিস্থিতির কারণে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি বিচারপ্রার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিবাদ সভায় বক্তারা এসব অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের দ্রুত অবসান এবং আদালতের পরিবেশ স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালতের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।


