বিশেষ প্রতিবেদক, চাঁদপুর :
বেশ কয়েক বছর যাবত ঝিমিয়ে থাকা সাহিত্য একাডেমী ভবনটি বর্তমানে কোলাহল মুখরিত সাহিত্যপ্রেমীদের আড্ডায়। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাহিত্যিক এবং সাহিত্য প্রেমীদের মধুর এই আড্ডা। আড্ডায় অংশ নিতে উপস্থিত হন জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী সাহিত্য প্রেমীরা। সাহিত্য আড্ডার পাশাপাশি পরিকল্পনা আঁকা হয় পরবর্তী প্রজন্মকে কিভাবে আরো সম্পৃক্ত করা যায় সাহিত্যের সাথে। আলোচনা দেখা সাক্ষাতে সাহিত্যিকদের মাঝে গড়ে উঠছে অটুট বন্ধন। সাহিত্য একাডেমীতে সাহিত্যিকদের ও সাহিত্য প্রেমীদের আড্ডার মাঝে উচ্ছ্বাস ছড়াচ্ছে কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সাহিত্য একাডেমী নির্বাচন। একদিকে চলছে সাহিত্য নিয়ে আড্ডা অন্যদিকে চলছে সাহিত্যিকদের মাঝে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি। দুয়ে মিলে এ যেন এক চাঁদপুরের ভিন্ন সাহিত্য একাডেমীতে রূপ নিয়েছে বর্তমান সাহিত্য একাডেমির পরিবেশ। ইতিমধ্যে সাহিত্য একাডেমির বিভিন্ন পদে প্রার্থীদের ভোটারদের কাছে মুঠোফোনে চলছে ভোটের আবদার। ভোটাররাও উৎসাহ নিয়ে শুনছেন প্রার্থীদের কথা। জানতে চাইছেন নির্বাচিত হলে কেমন পদক্ষেপ নেয়া হবে সাহিত্য একাডেমির উন্নয়নে এবং সাহিত্যচর্চার প্রচার প্রসারে।
চলতি সাহিত্য একাডেমী নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২২০জন। একাডেমীর সাংগঠনিক কাঠামো মোতাবেক পদ রয়েছে ২১টি। এর মধ্যে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক। এছাড়াও সভাপতি কর্তৃক মনোনীত করা হবে আরো ৫টি পদে। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি ১ জন, পরিচালক ১ জন ও কার্যনির্বাহী সদস্য ৩জন। বাকী ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হবেন। এসব পদের মধ্যে রয়েছে সহ সভাপতি ১ জন, মহাপরিচালক ১ জন, পরিচালক ৩ জন ও কার্যনির্বাহী সদস্য ১০ জন। সাহিত্য একাডেমী নির্বাচনে একজন ভোটার বিভিন্ন পদে ১৫টি ভোট প্রদান করতে পারবেন।
ইতিমধ্যে মহাপরিচালক পদে তিনজন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তারা হলেন: কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক কাদের পলাশ, লেখক ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন এবং বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি ও ব্যাংকার শামীম আহমেদ খান।
পরিচালক পদে তিনটি পদে প্রতিদ্বন্দিতার কথা শোনা যাচ্ছে যাদের নাম তারা হলেন: লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, লেখক ও শিক্ষক ম নুরে আলম পাটোয়ারী, লেখক ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, কবি ও লেখক আশিক বিন রহিম, লেখক এইচএম জাকির, ইমরান শাকির ইমরু। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন বলে শুনা যাচ্ছে।
সাহিত্য একাডেমীর নির্বাচন প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ জানান, অল্প সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হবে। তারা তফসিল ঘোষণার মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করবেন। তবে যেহেতু এখনো কমিটি ঘোষণা করা হয়নি তাই কারা থাকতে পারেন এই কমিটিতে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে অল্প সময়ের মধ্যে সাহিত্য একাডেমী নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা আশা করছি আমরা।


