ফরিদগঞ্জে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

ফারাবী খান:

টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে উগ্র সাদপন্থীদের নৃশংস হামলার প্রতিবাদে ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবীতে ফরিদগঞ্জ উপজেলা উলামা পরিষদের ব্যানারে গণজমায়েত ও স্মারকলিপি দিয়েছে।

২১ ডিসেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৪টায় থানা চত্বরে এই জমায়েত করে স্মারক লিপি প্রধান করে।

এসময় গণজমায়েতে বক্তব্য রাখেন, তুলাতুলি জামে মসজিদের খতিব মুফতী আনোয়ার হোসেন, তালিমুল নিছা মহিলা মাদ্রাসার মোহতামিম মাও: আকরাম হোসেন, লাউতলি মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি আনোয়ার, মাওলানা শাহাদাৎ তপাদ্দার, এর আগে একটি মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উলামা পরিষদের নেতৃবৃন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এর সাথে বৈঠক করেন।

উলামা পরিষদের স্মারক লিপিতে তারা বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে প্রকাশ্য দিবালোকে ভারতের তাবলীগ জামাতের মুরুব্বী সাদ কান্ধলবী সমর্থিত সাদপন্থী নামে পরিচিত সন্ত্রাসী বাহিনী ময়দানের গেইট ভেঙ্গে এক নারকীয় তান্ডব চালায়। এতে ঘটনাস্থলে ৪জন নিহত হয় এবং ফরিদগঞ্জের দুইজনসহ বহু ওলামায়ে কেরাম আহত হন। অদূর ভবিষ্যতে তাদের উগ্র সন্ত্রাসী বাহিনী দেশ ব্যাপী হাঙ্গামা ও পাড়ায় পাড়ায়, মসজিদ মহল্লায় অনাকাঙ্খিত ঘটনা ও এরকম আরো নিন্দনীয় হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ফরিদগঞ্জের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের শান্তিপ্রিয় মুসল্লীগন সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত ভারতীয় এ সাদপন্থি উগ্র-সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠির সকল দাওয়াতী কার্যক্রম ফরিদগঞ্জসহ পুরোদেশে নিষিদ্ধের দাবি জানান।